আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশীকে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার দুপুরে কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
হস্তান্তরকৃতদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১০ জন নারী ও শিশু রয়েছে। বিজিবির সূত্রে জানা গেছে, তারা সবাই দেশের বিভিন্ন জেলার নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। আটকের পর বিএসএফ তাদের ফেরত পাঠায়।
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং বাংলাদেশের কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন।
পরবর্তীতে বিজিবি ১৪ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, তাদের যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।
হস্তান্তরপ্রাপ্ত বাংলাদেশিরা হলেন:
-
মারিয়া আক্তার ও নুসরাত জাহান (ঢাকা),
-
রাণী মন্ডল ও রিয়া মন্ডল (সাতক্ষীরা),
-
নাছিমা বিবি ও সুমাইয়া খাতুন (খুলনা),
-
সাথী আক্তার (গাজীপুর),
-
জাকির হোসেন ও এনছাফুল ইসলাম (সাতক্ষীরা),
-
তাসলিমা বেগম ও ইয়াসমিন (খুলনা),
-
মনিতোষ রায় (গোপালগঞ্জ),
-
নজরুল ইসলাম (ঢাকা)।
বিজিবি ও পুলিশের যৌথ উদ্যোগে মানবিক বিবেচনায় এসব নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টার 















