পাহাড়সম লক্ষ্যের পেছনে ছোটার শুরুটা শনিবার দারুণ করেন বাংলাদেশ দলের দুই ওপেনার জাকির হাসান–সাদমান ইসলাম। দুজনে তোলের ৬২ রান। এরপরেই ছন্দপতন টাইগার শিবিরে। দ্রুত সময়ের মধ্যে টপঅর্ডার ভেঙে পড়ে। তবে এক প্রান্ত আগলে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষে তিনি অপরাজিত রয়েছেন ৫১। তাতে সঙ্গ দেওয়ার চেষ্টা করছেন সাকিব আল হাসান। তবে সফরকারীদের বড় হারের শঙ্কা ঠিকই ভর করেছে।
ভারতের দেয়া ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শনিবার চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ তুলেছে ৪ উইকেটে ১৫৮ রান। ম্যাচ জেতার জন্য টাইগারদের দরকার আরও ৩৫৭ রান, হাতে উইকেট আছে ৬টি। ১০ ইনিংস পর ফিফটির দেখা পাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টিকে আছেন দলের আশার আলো হয়ে। তৃতীয় দিনে ৩ উইকেটে ৮১ রান নিয়ে ব্যাট করতে নামা ভারত সকাল থেকেই দারুণ খেলে। ভারতের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন আগের দিন টিকে থাকা শুবমান গিল এবং রিশাভ পান্ট। ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ভারত। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রান।
জবাব দিতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাকির হাসান এবং সাদমান ইসলাম। চা বিরতি পর্যন্ত কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তবে চা বিরতি থেকে ফিরেই ভেঙেছে উদ্বোধনী জুটি। ৪৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান জাকির। কিছুক্ষণ পর আউট হয়েছেন সাদমান ইসলামও। ৬৮ বলে ৩৫ রান করে বিদায় নেন তিনি। তিনে নামা নাজমুল হোসেন শান্ত অবশ্য এক প্রান্ত ধরে খেলছিলেন। তার সাবলীল ব্যাটিংয়ের সচল ছিল দলের রানের চাকা। বাকিদের মধ্যে মুমিনুল হক এবং মুশফিকুর রহিম সাজঘরে ফিরেছেন দ্রুতই। দুজনই করেছেন ১৩ রান, মুশফিক ১১ বলে এবং মুমিনুল বল খেলেছেন ২৪টি।
শেষ বিকেলে ক্রিজে নেমে ১৪ বলে ৫ রান করে অপরাজিত আছেন সাকিব আল হাসান। অন্যদিকে ১০ ইনিংস পর ফিফটির দেখা পেয়েছেন শান্ত। ৬০ বলে ৫১ রান করে টিকে আছেন অধিনায়ক। ৩ ভারতের হয়ে ৩ উইকেট তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। ১ উইকেট নেন জাসপ্রীত বুমরাহ।
রিপোর্টার 

















